
নিজস্ব প্রতিবেদক:
সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে সতর্কতা জারি করেছে দৈনিক সময়ের আলো কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত ব্যক্তি পত্রিকাটির নাম ও লোগো ব্যবহার করে একটি ভুয়া পরিচয়পত্র প্রদর্শন করে বিভিন্ন স্থানে সাংবাদিক পরিচয় দিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার চেষ্টা করছেন।
জানা গেছে, গত ৭ জুন খাদ্য অধিদপ্তরের এক কর্মকর্তার কাছে চাঁদা দাবি করার অভিযোগ ওঠে ওই ব্যক্তির বিরুদ্ধে। বিষয়টি অবগত হওয়ার পর সময়ের আলো কর্তৃপক্ষ শ্যামপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
পত্রিকাটির কর্তৃপক্ষ আরও জানায়, অভিযুক্ত ব্যক্তি কখনোই সময়ের আলো-এর কোনো কর্মী, প্রতিবেদক বা প্রতিনিধি ছিলেন না। তিনি যে পরিচয়পত্র ব্যবহার করছেন সেটিও সম্পূর্ণ ভুয়া। এছাড়া পরিচয়পত্রে সম্পাদক হিসেবে যাঁর নাম ও স্বাক্ষর ব্যবহার করা হয়েছে, সেই নামের কোনো ব্যক্তি সময়ের আলো-এর সঙ্গে সম্পৃক্ত নন।
এ ঘটনায় দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সময়ের আলো কর্তৃপক্ষ জানিয়েছে, পত্রিকার নাম ব্যবহার করে কোনো ব্যক্তি অনৈতিক বা প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত হলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার অনুরোধ করা হচ্ছে।
Leave a Reply