
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া পূর্ব খন্ড এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা, মারধর ও নির্মাণাধীন স্থাপনা ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, কেওয়া পূর্ব খন্ড এলাকার বাসিন্দা আশরাফুল কবিরের পরিবার দীর্ঘদিন ধরে পৈত্রিক ও ক্রয়সূত্রে প্রাপ্ত কিছু জমি ভোগদখল করে আসছে। এসব জমি নিয়ে প্রতিপক্ষের সঙ্গে বিরোধের জেরে বর্তমানে গাজীপুরের আদালতে একাধিক দেওয়ানি মামলা বিচারাধীন রয়েছে।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ২১ জুন সকাল আনুমানিক ১১টার দিকে বিরোধপূর্ণ জমিতে স্থায়ী স্থাপনা নির্মাণের উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি ইট, বালুসহ বিভিন্ন নির্মাণসামগ্রী এনে জমা করেন। এ বিষয়ে আপত্তি জানালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে অভিযোগকারীর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগে বলা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, হামলার সময় অভিযোগকারীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলে তিনি আহত হন। তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে কয়েকজন আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এছাড়া বিচারাধীন অপর একটি জমিতে নির্মাণাধীন ঘরের ইটের দেয়াল ভেঙে ফেলার অভিযোগও করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি, আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও প্রতিপক্ষ সংঘবদ্ধভাবে সেখানে গিয়ে নির্মাণকাজে বাধা দেয় এবং ঘরের অংশবিশেষ ভেঙে ফেলে।
অভিযোগকারীর দাবি, বাধা দিতে গেলে তার এক স্বজনকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরা হয় এবং পরে তাকে কিল-ঘুষি ও লাথি মেরে আহত করা হয়। তাদের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর পারিবারিকভাবে আলোচনা ও আইনগত পরামর্শ গ্রহণ শেষে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
তবে অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
Leave a Reply