
অপুদাস, কালীগন্জ প্রতিনিধি –
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের কাঠালিয়া গ্রামে মর্মান্তিক বজ্রপাতের ঘটনায় আলফাজ মন্ডল নামে এক প্রান্তিক কৃষকের দুটি গরু প্রাণ হারিয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫ টায় মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে আকস্মিক বজ্রপাতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়,বিকেলবেলা আকাশ’ জুড়ে হঠাৎ কালো মেঘের ঘনঘটা শুরু হয়। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সাথে তীব্র বাতাসের মধ্যে মাঠে থাকা গরু দুটি নিয়ে বাড়ি ফিরছিলেন কৃষক আলফাজ মন্ডল। পথিমধ্যে হঠাৎ প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে গরু দুটির ওপর আঘাত হানে। এতে মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে গরু দুটি মারা যায়। এ ঘটনায় কৃষক আলফাজ মন্ডল মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন।
বর্তমানে আবহাওয়া পরিবর্তনের ফলে বজ্রপাতের তীব্রতা ও প্রকোপ অনেক বেড়েছে। আকাশে কালো মেঘ দেখা দিলে বা বজ্রপাতের সম্ভাবনা থাকলে কৃষকদের মাঠ থেকে দ্রুত নিরাপদ আশ্রয়ে ফিরে আসা উচিত।
একইসঙ্গে গৃহপালিত পশুকে খোলা মাঠে না রেখে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছেন বিশেষজ্ঞরা। মাঠের খোলা জায়গায় থাকা পশু বজ্রপাতের সহজ লক্ষ্যবস্তু হয়ে দাঁড়ায়, তাই এমন পরিস্থিতিতে নিজের ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ সচেতনতা জরুরি।
প্রকৃতির এমন অনাকাঙ্ক্ষিত আঘাতে নিঃস্ব হওয়া কৃষক আলফাজ মন্ডলের প্রতি সহানুভূতি জানিয়েছেন এলাকাবাসী।
Leave a Reply