
শ্রীপুর উপজেলা প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলার বৈরাগীরচালা এলাকায় জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাজী নজরুল ইসলাম নামের এক ব্যক্তি ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, হাজী নজরুল ইসলাম বৈরাগীরচালা মৌজার এস.এ খতিয়ান-১৮৪৫, দাগ-৪৩ নম্বরের প্রায় দেড় বিঘা জমির বৈধ মালিক ও দখলদার। দীর্ঘদিন ধরে তিনি শান্তিপূর্ণভাবে জমি ভোগদখল করে আসছিলেন। কিন্তু ৩০ সেপ্টেম্বর সকাল প্রায় ১০টার দিকে বিবাদী তমিজ উদ্দিন, আখি নূর, ওসমান, সোলমানসহ অজ্ঞাত আরও কয়েকজন দেশীয় অস্ত্র দা, লাঠি, লোহার রড নিয়ে জমিতে প্রবেশ করে। তারা পূর্বপরিকল্পিতভাবে জমি জবর দখলের উদ্দেশ্যে সিমেন্টের পিলার বসিয়ে সীমানা প্রাচীর নির্মাণ শুরু করে।
হাজী নজরুল ইসলাম বাধা দিলে বিবাদীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং খুন-জখমের হুমকি দিয়ে তাড়িয়ে দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বর্তমানে বিবাদীরা ওই জমিতে অবস্থান করছে এবং কাজ চালিয়ে যাচ্ছে। অভিযোগকারী আশঙ্কা প্রকাশ করেছেন, পুনরায় বাধা দিলে তারা প্রাণনাশসহ গুরুতর অপরাধ সংঘটিত করতে পারে, যা এলাকায় শান্তি-শৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ।
এ ঘটনায় প্রমাণ ও স্বাক্ষী রয়েছে বলে অভিযোগে দাবি করা হয়েছে। জমির দখল রক্ষা ও এলাকার শান্তি বজায় রাখতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় আবেদন করেছেন হাজী নজরুল ইসলাম।
আখিনূর তার বক্তব্য জানান, এটি আমার দাদার কাছ থেকে পাওয়া জমি। ফুরকান উদ্দিন ফুরকু ভাই আমার কাছে জমি পেলে আমি সীমানা বেড়া ভেংগে দিয়ে দেব।
নজরুল ইসলাম তার বক্তব্যে জানান, তারা আমার জমি জোরপূর্বক দখল করেছে৷ এই জমি আমার নানির কাছ থেকে কেনা জমি। এই জমিতে ১৪৫ ধারা জারি করা আছে। ১৪৫ ধারা অমান্য করে তারা আমার জমি দখলের উদ্দেশ্য বেড়া দিচ্ছে।আমি বাধা দিলে তারা আমাকে শাবল নিয়ে ধাওয়া করেছে।
Leave a Reply