
আশরাফুল আলম সরকার
নিজস্ব প্রতিবেদক,
গাজীপুরের শ্রীপুর উপজেলায় অভিযান চালিয়ে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (১ জুন) রাত আনুমানিক ১১টা ৫ মিনিটে শ্রীপুর উপজেলার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুর জেলার শ্রীপুর সার্কেলের পরিদর্শক মোহাম্মদ শহীদুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহকারী পরিদর্শক পিংকা আক্তারসহ অন্যান্য সদস্যরা অংশ নেন।
অভিযানে শ্রীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রেলগেট এলাকার পশ্চিম পাশে অভিযান চালিয়ে শীলা দাস (৩০) নামে এক নারীকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত বাদল দাসের স্ত্রী বলে জানা গেছে।
এ সময় তার হেফাজত থেকে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে শ্রীপুরসহ জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply