
মোঃ শাহজালাল সুমন,উত্তরা ঢাকা।
ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এম. কফিল উদ্দিন আহমেদ বলেছেন,
ঢাকা-১৮ আসনের সর্বস্তরের মানুষের ভালোবাসা আমার সবচেয়ে বড় শক্তি। এই ভালোবাসাকে সঙ্গে নিয়েই আমরা জনগণের অধিকার আদায়ের সংগ্রামকে আগামী দিনে আরও জোরদার করতে চাই। শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বিকালে রাজধানীর উত্তরা এলাকায় তাঁর নেতৃত্বে বিশাল গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ এবং বিএনপি’র ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জনগণের মাঝে প্রচার চালানো হয়। গণসংযোগে প্রধান অতিথি হিসেবে অংশ নেন এম. কফিল উদ্দিন আহমেদ। এ সময় তিনি দুই হাত নেড়ে উপস্থিত জনসাধারণকে ধন্যবাদ জানান। বিএনপি সূত্র জানায়, উত্তরা ৬ নম্বর সেক্টরের পাবলিক কলেজের সামনে থেকে কর্মসূচি শুরু হয়ে হাউজ বিল্ডিং, জসিম উদ্দিন মোড়, ১১ নম্বর সেক্টরের জমজম টাওয়ার (চৌরাস্তা) প্রদক্ষিণ করে পুনরায় হাউজ বিল্ডিং এলাকায় এসে শেষ হয়। জুমার নামাজের পর থেকেই বিভিন্ন এলাকা থেকে ছোট-বড় মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। তাঁরা দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করেন এবং জনগণকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান। স্থানীয়দের অংশগ্রহণে পুরো উত্তরা এলাকা উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে। ধানের শীষের স্লোগানে কেঁপে ওঠে নগরী। বিশেষ করে “তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে” স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে জনপথ। স্থানীয় জনগণ জানান, এম. কফিল উদ্দিন আহমেদ দীর্ঘদিন মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন। তাই তারা বিশ্বাস করেন, তিনি নির্বাচিত হলে ঢাকা-১৮ আসনের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবেন।
অন্যদিকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বলেন, আজকের কর্মসূচি প্রমাণ করেছে যে, ঢাকা-১৮ আসনের জনগণ এম. কফিল উদ্দিন আহমেদের নেতৃত্বে ঐক্যবদ্ধ। তাঁদের বিশ্বাস, এই জনসমর্থনই আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের মূল শক্তি হবে। বিএনপি’র দলীয় সূত্র জানায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’র ৩১ দফা জনগণের মাঝে ছড়িয়ে দিতে এই কর্মসূচি আয়োজন করা হয়। এর মাধ্যমে রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা এবং বিএনপি’র ভবিষ্যৎ দিকনির্দেশনা স্থানীয়দের অবহিত করা হয়। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য মোতালেব হোসেন রতন,দক্ষিণখান থানার সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মাসুদ মিয়া, পূব থানার আহ্বায়ক সদস্য শাহাদাৎ, তারেক হাসান, সাইফুল, দক্ষিণখান থানা বিএনপির নেতা সেলিম সরকার এবং বিমানবন্দর থানা ছাত্রদলের সহসভাপতি শফিকুল ইসলাম শফিকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী।
Leave a Reply