
গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটিতে ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার সাইদুল হক খুকনকে সদস্য করায় স্থানীয়ভাবে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ, খুকন শুধু দুর্নীতি ও দুঃশাসনের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানিই করেননি, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রকাশ্যে দালালী করেছেন এবং স্থানীয়ভাবে আওয়ামী লীগের স্বার্থ রক্ষায় সক্রিয় ভূমিকা রেখেছেন।
কাওরাইদের বাপ্তা গ্রামের বাসিন্দারা জানান, খুকন মেম্বার বিচার–সালিসে টাকা খেয়ে উল্টো রায় দেন। ভুক্তভোগীদের ন্যায়বিচার না দিয়ে তিনি প্রভাবশালী পক্ষকে আশ্রয়–প্রশ্রয় দেন। শুধু তাই নয়, সরকারি বরাদ্দের কাজেও ব্যাপক দুর্নীতি করেছেন তিনি। ফলে গ্রামীণ সড়কগুলো অল্প সময়ের মধ্যেই ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এইসব অন্যায় ও স্বজনপ্রীতির কারণে এলাকাবাসী ইতিপূর্বে একাধিক মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি করেছে।
কিন্তু এতসব অভিযোগ থাকা সত্ত্বেও তাকে বিএনপির আহবায়ক কমিটিতে স্থান দেওয়া নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। তাদের অভিযোগ, আওয়ামী লীগের দোসর ও দুর্নীতিবাজদের দলে স্থান দিয়ে বিএনপি জনগণের আস্থা হারাচ্ছে।
বিএনপির কেন্দ্রীয় হাই কমান্ড বারবার ঘোষণা দিয়েছে যে, দুর্নীতিবাজ, আওয়ামী লীগের সহযোগী কিংবা জনবিচ্ছিন্ন কোনো ব্যক্তিকে দলে রাখা হবে না। তবুও গাজীপুর জেলা বিএনপির ১ নং যুগ্ম আহবায়ক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চুর কিছু সিদ্ধান্তে এই নীতির ব্যত্যয় ঘটছে বলে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ নেতাকর্মীরা।
স্থানীয়রা বলছেন, খুকন মেম্বারের মতো বিতর্কিত ও আওয়ামী লীগপন্থী ব্যক্তিদের নেতৃত্বে রাখা হলে বিএনপির সাংগঠনিক শক্তি দুর্বল হবে। জনগণের মধ্যে নেতিবাচক বার্তা যাবে। তারা দাবি তুলেছেন— জনগণের স্বার্থে এবং দলের ভাবমূর্তি রক্ষায় দ্রুত এই সিদ্ধান্ত সংশোধন করতে হবে।
Leave a Reply