
আশরাফুল আলম সরকার
বিশেষ প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর মডেল থানার প্রাঙ্গণে বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিয়াকৈর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেরাজুল ইসলাম।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা-কর্মী, সাংবাদিক, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরে পুলিশের হস্তক্ষেপ কামনা করেন।
বক্তারা বলেন, শ্রীপুরে মাদক ব্যবসা ও সেবন মারাত্মক আকার ধারণ করেছে। তরুণ সমাজ নষ্ট হচ্ছে, পারিবারিক অশান্তি বাড়ছে। এ অবস্থায় মাদক ব্যবসায়ী ও সেবীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।
এছাড়া এলাকার সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও দীর্ঘদিনের জমি দখল সমস্যার কথা তুলে ধরে এসব অপরাধের বিরুদ্ধে পুলিশের আরও কঠোর ভূমিকা কামনা করেন বক্তারা।
অনুষ্ঠানে অভিভাবক ও শিক্ষকরা জানান, ইভটিজিং বেড়ে যাওয়ায় কিশোরীরা নিরাপদে চলাফেরা করতে পারছে না। অনেক পরিবার মেয়েদের স্কুলে পাঠাতে নিরুৎসাহিত হচ্ছে। বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধেও প্রশাসনের কড়া নজরদারি চান।
তাদের মতে, প্রশাসন কঠোর হলে বাল্যবিবাহ রোধ করা সম্ভব হবে। এর ফলে কিশোরীরা শিক্ষা জীবন শেষ করে আত্মনির্ভরশীল হতে পারবে।
বক্তারা দৃঢ়ভাবে বলেন, থানা হবে মানুষের আশ্রয়স্থল, কোনোভাবেই অপরাধীদের আশ্রয় নয়। জনগণ চাইছে-থানা যেন প্রকৃত অর্থেই মানুষের নিরাপত্তার প্রতীক হয়ে দাঁড়ায়।
প্রধান অতিথি সিনিয়র সহকারী পুলিশ সুপার মেরাজুল ইসলাম বলেন, শুধু পুলিশের একার পক্ষে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ বা চাঁদাবাজি দমন সম্ভব নয়। সমাজের প্রত্যেককে এগিয়ে আসতে হবে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক পিপিএম বলেন, পুলিশ জনগণের পাশে আছে। থানাকে মানুষের আস্থার আশ্রয়স্থল করতে আমরা বদ্ধপরিকর। ওপেন হাউজ ডে’র মাধ্যমে জনগণের অভিযোগ শুনে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সাধারণ মানুষ জানান, বর্তমান ওসি যোগদানের পর থেকে শ্রীপুর থানার কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এসেছে। ইতিমধ্যেই বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে এবং একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এ ধারাবাহিকতা বজায় থাকলে শ্রীপুর আরও শান্তিপূর্ণ ও নিরাপদ হয়ে উঠবে।
Leave a Reply