
আশরাফুল আলম সরকার
বিশেষ প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় পথচারী ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য খাবারের আয়োজন করেছেন শ্রীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক মামুন আকন। আজ বুধবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ‘তরী রেস্টুরেন্ট’-এ এই খাবারের আয়োজন করা হয়।
স্থানীয়ভাবে জানা যায়, ‘তরী রেস্টুরেন্ট’ বিগত চার বছর ধরে প্রতি সপ্তাহের বুধবার, জৈনা বাজার হাটের দিনে দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে খাবার সরবরাহ করে আসছে। রেস্টুরেন্টটির নিজস্ব ব্যবস্থাপনায় খাবারের আয়োজন চললেও এখন অনেক হৃদয়বান ব্যক্তি ও সামাজিক সংগঠন এগিয়ে এসে এতে অংশ নিচ্ছেন।
আজকের আয়োজনের সহায়তায় ছিলেন শ্রীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক মামুন আকন। তিনি নিজে উপস্থিত থেকে পথচারীদের মাঝে খাবার পরিবেশন করেন। চেয়ার-টেবিলে বসে মানুষজন সুশৃঙ্খলভাবে খাওয়া-দাওয়া করেন।
এ বিষয়ে মামুন আকন বলেন, “আমি মনে করি, রাজনীতির প্রধান উদ্দেশ্য হওয়া উচিত মানুষের পাশে দাঁড়ানো। তরী রেস্টুরেন্টের এ মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি একটু সহযোগিতা করতে। সমাজের প্রত্যেক সামর্থ্যবান মানুষ যদি এগিয়ে আসে, তাহলে কেউ না খেয়ে থাকবে না।”
খাবার খেতে আসা এক বৃদ্ধ পথচারী বলেন, “প্রতিদিন মানুষের কাছে হাত পেতে চলি। কিন্তু এখানে এসে মনে হয়, কেউ কিছু দিচ্ছে না—আমরা নিজের মতো খেতে পারছি। আজ মামুন ভাই নিজে খাবার দিলেন, এটা আমাদের জন্য অনেক বড় সম্মান।”
তরী রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, সপ্তাহে একদিন প্রতিটি বুধবার দুপুরে, বিশেষ করে হাটের দিন যেসব দরিদ্র ও ভিক্ষুক শ্রেণির মানুষ হাটে আসে, তাদের খাওয়ার জন্য নির্ধারিত ব্যবস্থা করা হয়। খাবারের মেনুতে থাকে ভাত, ডাল, সবজি, মুরগির মাংস/মাঝেমধ্যে গরুর মাংস ও অন্যান্য পদ।
তারা আরও বলেন, “প্রথম দিকে আমরা নিজেরাই করতাম, এখন সমাজের অনেকেই পাশে এসে দাঁড়াচ্ছেন। এতে মানুষের প্রতি মানুষের ভালোবাসা ও সহানুভূতি আরও বাড়ছে।”
স্থানীয়দের ভাষ্যমতে, এই উদ্যোগটি শুধু খাবার নয়, বরং সামাজিক মর্যাদা ও সহানুভূতির প্রতীক হয়ে দাঁড়িয়েছে। পথচারীরা এখানে দাঁড়িয়ে নয়, চেয়ারে বসে, অন্য অতিথিদের মতোই খেতে পারেন—যা অনেকের কাছে অভাবনীয়।
Leave a Reply