
আশরাফুল আলম সরকার
বিশেষ প্রতিনিধি
আইন-শৃঙ্খলা রক্ষা ও মানব কল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫’-এ ভূষিত হয়েছেন গাজীপুর জেলার শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক পিপিএম।
১২ জুলাই ২০২৫, শনিবার, রাজধানীর বিজয়নগরের হোটেল সোনারগাঁও (ডি স্টার) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই আন্তর্জাতিক সম্মাননা প্রদান করে জাতীয় ব্যক্তিত্ব স্মরণ পরিষদ (Jatio Baktitto Shoron Parishad)।
সম্মাননাপত্রে উল্লেখ করা হয়— “আপনি আপনার পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সমাজে মানবতা, শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখেছেন। আপনার মানবিক গুণাবলী, দায়িত্ববোধ, দেশপ্রেম এবং জনসেবামূলক কার্যক্রম জাতির জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।”
এই পুরস্কারপ্রাপ্তি সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন,
এই সম্মান শুধু আমার একার নয়, এটি পুরো শ্রীপুর থানা পুলিশ এবং স্থানীয় জনগণের। আমি সবসময় চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়াতে। ভবিষ্যতেও এভাবেই কাজ করে যেতে চাই ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, মহম্মদ আব্দুল বারিক পিপিএম ইতিপূর্বে বিভিন্ন পর্যায়ে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছেন। তার নেতৃত্বে শ্রীপুর থানা এলাকায় মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও চাঁদাবাজির বিরুদ্ধে একাধিক সফল অভিযান পরিচালিত হয়েছে।
ওসি মহম্মদ আব্দুল বারিক পিপিএম ইতিপূর্বেও আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ অবদান রাখায় রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত হয়েছেন। শ্রীপুর থানার দায়িত্ব নেয়ার পর থেকে তিনি জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
এই পুরস্কার প্রাপ্তি তার মানবিক ও পেশাগত প্রচেষ্টাকে আন্তর্জাতিক পরিমণ্ডলেও স্বীকৃতি দিয়েছে। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে এই অর্জনের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
Leave a Reply