
রিপোর্ট, নাহিদা আক্তার লাকী
গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে শনিবার, ২০ জুন ২০২৬ দুপুর ২টায় খুলনা সার্কিট হাউস ময়দানে ১১ দলীয় ঐক্যের খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।
*ডা. শফিকুর রহমানের বক্তব্য:*
তিনি বলেন, “জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো রাজনৈতিক শক্তি দীর্ঘদিন টিকে থাকতে পারে না।” তিনি আরও বলেন, গণভোটে যেসব সংস্কার নিয়ে জনগণের সমর্থন ছিল, সেগুলো বাস্তবায়নে অনীহা ও বিলম্ব জনগণের মধ্যে হতাশা সৃষ্টি করেছে। জনগণের রায়কে উপেক্ষা করা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী।

ডা. শফিকুর রহমান বলেন, ১১ দলীয় ঐক্য মনে করে, জুলাই সনদের মূল লক্ষ্য ছিল একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা। এই সনদ বাস্তবায়নের জন্য সংসদের ভেতরে ও বাইরে—উভয় ক্ষেত্রেই গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে। “আমাদের সংগ্রাম কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়; এটি জনগণের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষার সংগ্রাম,” বলেন তিনি।
তিনি দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। খুন, ধর্ষণ, লুটপাট, চাঁদাবাজি ও সামাজিক অস্থিরতার ঘটনা মানুষের নিরাপত্তাবোধকে দুর্বল করছে বলে মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, বাগেরহাট থেকে সমাবেশে আসার পথে কিছু নেতাকর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে, এতে দুজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতি কর্নেল অব. ড. অলি আহমদ বীর বিক্রম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক,
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, জাগপার সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা আব্দুল কুদ্দুস, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, বিডিপির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি, খুলনা বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির সভাপতি জনাব মোবারক হোসাইন, মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, খুলনা জেলা আমীর মাওলানা ইমরান হোসাইনসহ বিভিন্ন জেলার নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে খুলনা বিভাগের বিভিন্ন আসন থেকে নির্বাচিত জামায়াতের সংসদ সদস্যগণ হাত নেড়ে উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানান।
,
Leave a Reply