কালীগঞ্জে সেনাবাহিনীকে সঙ্গে রেখে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাশেদ খানের প্রচারণা
প্রকাশিত:
সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
৩৬
বার পড়া হয়েছে
দৈনিক সময়বেলা পত্রিকার প্রতিনিধিঃ ঝিনাইদহ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে রাশেদ খানের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, তিনি সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে প্রকাশ্যভাবে প্রচারণা চালিয়েছেন, যা নির্বাচন কমিশনের আচরণবিধির পরিপন্থী বলে মনে করছেন সচেতন মহল।
স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় রাশেদ খান সেনাবাহিনীর উপস্থিতি দেখিয়ে গণসংযোগ ও প্রচারণায় অংশ নেন। এ সময় তার সঙ্গে সামরিক পোশাক পরিহিত সেনাসদস্যদের দেখা যায়, যা সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে বলে অভিযোগ উঠেছে।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, নির্বাচনী প্রচারণায় কোনোভাবেই আইনশৃঙ্খলা বাহিনী বা সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ব্যবহার করা নিষিদ্ধ। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের কর্মকাণ্ড নির্বাচনের সমান সুযোগ ও নিরপেক্ষ পরিবেশ ব্যাহত করতে পারে।
এ বিষয়ে স্থানীয় কয়েকজন ভোটার ক্ষোভ প্রকাশ করে বলেন, “সেনাবাহিনীকে সঙ্গে রেখে প্রচারণা চালানো হলে সাধারণ মানুষের মনে চাপ তৈরি হয়। আমরা চাই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।”
এ ঘটনায় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
Leave a Reply