
লালন সরকার, দেবীগঞ্জ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চলমান ‘ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচার’ এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননার প্রতিবাদে পঞ্চগড়ের দেবীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে পৌর সদরের দেবদারু তলায় এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
ঐতিহাসিক দেবদারু তলা থেকে মুষলধারে বৃষ্টিতে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় এসে সমাবেশে মিলিত হয়। মিছিল চলাকালে বৃষ্টিকে উপেক্ষা করে স্লোগানে মুখরিত হয় এলাকা। বিক্ষোভকারীরা বলেন, ‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার—স্বৈরাচার-রাজাকার মিলেমিশে একাকার।’
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ হোসেন আজাদ বলেন,“বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন দেশপ্রেমিক ও সৎ রাজনীতিবিদ। তাকে ও তারেক রহমানকে নিয়ে ধারাবাহিক ষড়যন্ত্র ও অপপ্রচার চালানো হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড সহ্য করা হবে না। ভবিষ্যতে আবারও এমন ঘটলে বিএনপি এর দাঁতভাঙা জবাব দেবে।”তিনি আরও বলেন, ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরিকল্পনাকারী হিসেবে বিএনপির নেতৃত্বকে অভিযুক্ত করার চেষ্টা একটি রাজনৈতিক চক্রান্ত। এ থেকে স্পষ্ট বোঝা যায়, সরকার বিএনপিকে ভয় পায় বলেই এসব অপচেষ্টা চালাচ্ছে।
বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ তবারক হ্যাপি, পৌর বিএনপির সভাপতি মোঃ ফরিদুল ইসলাম সরকার, সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম সোহেল, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম লিটনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।
বক্তারা বলেন, “যখন বিএনপি রাজপথে আন্দোলনে ছিল, তখন অনেকেই নিখোঁজ ছিলেন। এখন তারা সিনিয়র নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। যারা জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে, তাদের খুঁজে বের করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।”
সমাবেশে বক্তারা মিটফোর্ড হাসপাতালে ঘটে যাওয়া পাশবিক হত্যাকাণ্ডসহ দেশের সাম্প্রতিক সব হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এই দাবির জোর তোলেন।
Leave a Reply