
নিজস্ব প্রতিবেদক, এসএম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা জেলা
চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন মোহাম্মদপুর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, গাঁজা সেবনের সরঞ্জাম ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। অভিযানে একজনকে আটক করা হয়। ঘটনাটি এলাকায় তীব্র আলোড়ন সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পিতা মৃত বদরুল আলমের ছেলে মাহাবুল আলম পলাশ (৫০) এর বাড়িতে হানা দিয়ে ২৬৩ পিস ইয়াবা, গাঁজা সেবনের সরঞ্জাম ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এই অভিযানটি ২৩ সেপ্টেম্বর, মঙ্গলবার মধ্যরাতে পরিচালনা করা হয়। নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন মঞ্জুরুল রহমান মাসফি। সঙ্গীয় ফোর্সের পাশাপাশি দর্শনা থানার এসআই অনুপ মুখার্জি এবং দুইজন কনস্টেবলও এতে সহযোগিতা করেন।
যদিও এই অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে, তবে স্থানীয়রা বলছেন,
“এগুলো তো কেবল সামান্য অংশ। মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চলছে—এটা প্রশাসনের অজানা নয়।”
সচেতন মহল প্রশ্ন তুলছে, “এত বড় মাদক চালান একজনের ঘরে কিভাবে আসে এবং এতদিন আইনশৃঙ্খলা বাহিনীর নজরে পড়েনি কেন?”
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, আটককৃত মাদকদ্রব্য ও সরঞ্জামাদি প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা আরও বলছেন,
“মাদকবিরোধী অভিযান একদিনের ইভেন্ট হলে লাভ হবে না। মাদকচক্রের মূল হোতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে, তবেই এই সামাজিক ব্যাধি থেকে মুক্তি মিলবে।”
সম্পাদক ও প্রকাশক:এস এম রেদ্বোয়ান
Copyright © 2026 দৈনিক সময়বেলা. All rights reserved.