সংবাদ:
নিজস্ব প্রতিবেদক, চুয়াডাঙ্গা জেলা
চুয়াডাঙ্গার ভাণ্ডারদোয়া গ্রামের হোমিওপ্যাথি ডাক্তার শহিদুলের বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক প্রকল্পের আড়ালে প্রতারণা, অনিয়ম এবং অনৈতিক কর্মকাণ্ডের একাধিক অভিযোগ উঠেছে।
চুয়াডাঙ্গা সদর উপজেলার গরাবাড়িয়া গ্রামের বাসিন্দা অভিযোগকারী শফিউল্লাহ হুজুরসহ স্থানীয় আরও অনেকে অভিযোগ করেছেন, ডা. শহিদুল সরলমনা ছাত্রছাত্রীদের কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে সার্টিফিকেট দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা দেননি।
অভিযোগকারীদের দাবি, ভুয়া কলেজের জন্য চেয়ার-টেবিলের অজুহাতে টাকা নেওয়া হলেও ফার্নিচার কেনা হয়নি। আবার মাদ্রাসা নির্মাণের নামে লক্ষ লক্ষ টাকা তুললেও প্রকল্পটি বাস্তবায়িত হয়নি।
এমনকি হোমিওপ্যাথি ব্যবসার আড়ালে মাদক ব্যবসার সঙ্গেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি অনুযায়ী, কিছুদিন আগে চুয়াডাঙ্গা সদর থানার এসআই শামীম তাকে অ্যালকোহলসহ আটক করেছিলেন।
মাদ্রাসা ও এতিমখানার নামে টাকা তুলে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার, মাদ্রাসার বইয়ের তাক নিজের দোকানে রেখে দেওয়াসহ নানা অনিয়মের কথাও স্থানীয়দের মুখে শোনা যাচ্ছে।
ডা. শহিদুল বর্তমানে চুয়াডাঙ্গা শহরসহ ডিঙ্গেদাহ বাজার, সরোজগঞ্জ বাজার ও নিজ বাড়ি ভাণ্ডারদোয়ায় মোট চারটি হোমিও চেম্বার পরিচালনা করছেন।
ডিঙ্গেদাহ বাজার কমিটি তাকে একাধিকবার তলব করলেও তিনি উপস্থিত হননি বলেও অভিযোগ রয়েছে।
অভিযোগের সত্যতা যাচাই করতে সংবাদকর্মীরা ডা. শহিদুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক:এস এম রেদ্বোয়ান
Copyright © 2026 দৈনিক সময়বেলা. All rights reserved.