আশরাফুল আলম সরকার
বিশেষ প্রতিনিধি
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার উজিলাব গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কৃষকের ১ বিঘা জমির শসা ক্ষেত রাতের আঁধারে কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে একটি কিশোর গ্যাং চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ মোবারক হোসেন জানান, দীর্ঘ পরিশ্রম ও ঋণ করে চাষাবাদ করেছিলেন তিনি। ফসল বিক্রির আশায় ছিলেন পরিবারের আর্থিক সংকট দূর করার। কিন্তু রাতের অন্ধকারে দুর্বৃত্তরা পুরো ক্ষেত কেটে নষ্ট করে দেয়। এতে তার বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে।
ঘটনার খবর পেয়ে শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব ও মেয়র পদপ্রার্থী বিল্লাল হোসেন বেপারী দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত কৃষকের সঙ্গে কথা বলেন এবং গভীর দুঃখ প্রকাশ করেন।
তিনি বলেন, “একজন প্রান্তিক কৃষকের ঘাম ঝরানো ফসল নষ্ট করা মানবিকতার চরম অবক্ষয়ের পরিচয়। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”
পাশাপাশি তিনি স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত তদন্তসাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান এবং কৃষক মোবারক হোসেনকে সহযোগিতার আশ্বাস দেন।
এদিকে এলাকাবাসী জানান, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে এমন ঘটনা আরও বাড়তে পারে। তারা প্রশাসনের কঠোর নজরদারি ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
ঘটনাটি নিয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক:এস এম রেদ্বোয়ান
Copyright © 2026 দৈনিক সময়বেলা. All rights reserved.