অপুদাস, কালীগন্জ-
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা এরাঙ্গী ইউনিয়নে পারিবারিক কলহের জেরে এক ব্যক্তির গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে।
সোমবার দিবাগত রাত দুইটার দিকে ইউনিয়নের বলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বলাবাড়িয়া গ্রামের মৃত আকরাম খাঁনের ছেলে উজ্জ্বল খাঁনের সঙ্গে একই গ্রামের সোলাইমান খাঁনের মেয়ে পোনার বিয়ে হয়। দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল।
স্থানীয়রা জানান, সোমবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে বাগ্বিতণ্ডা হয়। পরে রাতের কোনো একসময় উজ্জ্বল খাঁন ঘুমিয়ে পড়লে স্ত্রী পোনা ধারালো অস্ত্র দিয়ে তার গোপনাঙ্গ কেটে দেন বলে অভিযোগ রয়েছে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোরে রেফার করেন।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে কোটচাঁদপুর থানার অফিসার ইন চার্জ মোঃ আসাদুজ্জামান জানায়, অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক:এস এম রেদ্বোয়ান
Copyright © 2026 দৈনিক সময়বেলা. All rights reserved.