মোঃশাহজালাল সুমন,খিলক্ষেত ঢাকা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-১৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী এস এম জাহাঙ্গীর। শনিবার বিকেলে খিলক্ষেত থানা বিএনপির উদ্যোগে রাজধানীর নিকুঞ্জ ১ ও ২ নম্বর এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে এস এম জাহাঙ্গীর বলেন,যারা আওয়ামী লীগ সরকারের আমলে মামলা, হামলা, গুম ও খুনের শিকার হয়েছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে তাদের রাষ্ট্রীয় মর্যাদায় উন্নীত করা হবে এবং পরিবারকে পুনর্বাসন করা হবে। আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়া অসংখ্য নেতা-কর্মী নিখোঁজ হয়েছেন, প্রাণ দিয়েছেন। বিশেষ করে গত জুলাই-আগস্ট মাসের আন্দোলনে অনেকের জীবন দিতে হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে তাদের আত্মত্যাগ যথাযথ স্বীকৃতি পাবে। তিনি অভিযোগ করে আরও বলেন, দেশের মানুষ ভেবেছিল অল্প সময়ের মধ্যেই নির্বাচন হবে। কিন্তু একটি গোষ্ঠী জানে জনগণের মাঝে তাদের কোনো অবস্থান নেই। এখন তারা যেসব সুবিধা ভোগ করছে, নির্বাচিত সরকার এলে আর তা করতে পারবে না। এজন্যই তারা নির্বাচন চায় না। গণসংযোগ কর্মসূচিতে খিলক্ষেত থানা বিএনপির আহ্বায়ক হাজী এস এম ফজলুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লায়ন সোহরাব খান স্বপন, যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন দেওয়ান, সি এম আনোয়ার হোসেন, জহির উদ্দিন বাবু, মশিউর রহমান মশি, খোরশেদ আলম খুশু, শওকত উল ইসলাম সৈকতসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল ও মৎস্যজীবী দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। গণসংযোগে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি জনসমাবেশের রূপ নেয়। এসময় তারা স্লোগানে মুখর হয়ে ওঠেন—আমরা ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীরকে এমপি হিসেবে দেখতে চাই।এলাকাবাসী জানান, এস এম জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে সুখ-দুঃখে তাদের পাশে ছিলেন, এখনও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তাই তারা তাকে এ আসনের সংসদ সদস্য হিসেবে দেখতে চান।
সম্পাদক ও প্রকাশক:এস এম রেদ্বোয়ান
Copyright © 2026 দৈনিক সময়বেলা. All rights reserved.