মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরতে কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ মারিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে “প্রীতি ফুটবল ম্যাচ-২০২৫” অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেল ৩টায় ইউনিয়নের আলহাজ্ব তাজমুল খাঁন উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতি ম্যাচের উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মারিয়া ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ হুজ্জি কামরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জার্মান প্রবাসী হাফেজ মাওলানা প্রফেসর আজিজুর রহমান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,
> “আজকের তরুণ প্রজন্মই আগামী দিনের বাংলাদেশ গড়বে। তাদের মাদকের ছোবল থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করতে পারলেই সমাজ ও দেশ উপকৃত হবে। ইসলামী আন্দোলনের এ ধরনের উদ্যোগ তরুণদের অনুপ্রেরণা জোগাবে। আমি নির্বাচনে জয়ী হলে বিন্নাটি ইউনিয়নে একটি খেলার মাঠ করে দেওয়ার চেষ্টা করব।”
সভাপতির বক্তব্যে হাফেজ হুজ্জি কামরুল ইসলাম বলেন,
> “মাদক ও সামাজিক অবক্ষয় থেকে বাঁচতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মারিয়া ইউনিয়নে প্রতিবছর আমরা এ ধরনের আয়োজন করে থাকি, যাতে তরুণরা ইতিবাচক কাজে যুক্ত হয়।”
ম্যাচে স্থানীয় তরুণদের অংশগ্রহণে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। খেলায় ১/২ নং ওয়ার্ডের পেরাভাঙ্গা, জাটা শিরা ও খিলপাড়া গ্রামের দল মুখোমুখি হয় ৩/৪ নং ওয়ার্ডের পাঠানকান্দি ও কাতিয়াচর গ্রামের দলের সঙ্গে। রোমাঞ্চকর এই খেলায় ৩/৪ নং ওয়ার্ডের দল ১-০ গোলে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হয় এবং ১/২ নং ওয়ার্ডের দল রানারআপ হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ ফখর উদ্দিন আকন্দ, সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের ও আব্দুল্লাহ আল-হারুন (মাসুম)। আয়োজকরা জানান, ভবিষ্যতেও তারা খেলাধুলা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবেন।
সম্পাদক ও প্রকাশক:এস এম রেদ্বোয়ান
Copyright © 2026 দৈনিক সময়বেলা. All rights reserved.