অপুদাস, কালীগন্জ প্রতিনিধি—
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে মোবারকগঞ্জ রেলস্টেশনের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় রেলস্টেশন কর্তৃপক্ষ জানায়, সকাল ১০টা ৪০ মিনিটের দিকে রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন ওই বৃদ্ধ। রেললাইন পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, দুর্ঘটনার পর বিকেল পর্যন্ত নিহত বৃদ্ধের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, এটি রেলওয়ে পুলিশের বিষয়। খবর পেয়ে যশোর রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকেলে মরদেহটি নিয়ে যায়। তবে নিহত বৃদ্ধের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশক:এস এম রেদ্বোয়ান
Copyright © 2026 দৈনিক সময়বেলা. All rights reserved.